ইরানের রক্ষণে আটকে বেলজিয়াম, গোলশূন্য ড্র
টানা তিন ড্রয়ে জমে উঠেছে গ্রুপ ‘জি’র সমীকরণ। আক্রমণে আধিপত্য বিস্তার করেও ইরানের রক্ষণভাগ ভাঙতে পারেনি বেলজিয়াম।
ফলে রবিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনার নেতৃত্বে একের পর এক আক্রমণে ব্যস্ত সময় পার করে ইরানের রক্ষণভাগ। তবে গোলের দেখা পায়নি ইউরোপের দলটি।
প্রথমার্ধে ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। অন্যদিকে বিরতির আগে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরানও। তবে মেহদি তারেমিদের প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এছাড়া ফ্রি-কিক থেকে ইরানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা ছড়ায়। ৫৩ মিনিটে তারেমির শক্তিশালী শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। কয়েক মিনিট পর ম্যাক্সিম ডি কুইপারের জোরালো শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন বেইরানভান্দ।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ৬৬ মিনিটে। ইরানের মেহদি তারেমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগয়। এরপর ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম।
তবে একজন বেশি খেলোয়াড় নিয়েও সুবিধা কাজে লাগাতে পারেনি ইরান। শেষ পর্যন্ত বেলজিয়ামের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে, সংখ্যায় পিছিয়ে থেকেও গোল হজম না করে মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করে বেলজিয়াম।
আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম। একই সময়ে ইরান খেলবে মিশরের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে দুটি ম্যাচই।








আপনার মতামত লিখুন