জাবি সিনেটে শিক্ষার্থী কল্যাণে ১৫ দফা দাবি জাকসু এজিএস মেঘলার

ছবি- (জাকসু) এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের অধিবেশনে শিক্ষার্থী কল্যাণ, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ও একাডেমিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ১৫ দফা দাবি উত্থাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা।
সিনেটে তিনি বলেন, গত চার বছর ধরে ছাত্র কল্যাণ তহবিলে কোনো বরাদ্দ রাখা হয়নি। কোনো শিক্ষার্থী বিপদে পড়লে যেন বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন, সে জন্য ছাত্র কল্যাণ তহবিলে বাজেট বরাদ্দের দাবি জানান তিনি। একই সঙ্গে চলতি অর্থবছরে ক্যাফেটেরিয়া খাতে কোনো বরাদ্দ না থাকায় শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করতে এ খাতে বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।
এছাড়া ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার খাতে বরাদ্দকৃত অর্থের ব্যয়ের স্বচ্ছতা প্রকাশ, দ্রুত সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের শূন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পদে নিয়োগের দাবিও উত্থাপন করেন তিনি।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী বই, যাতায়াত ও আবাসনের ব্যবস্থা এবং শ্রুতি লেখকের (স্ক্রাইব) ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মহাসড়কসংলগ্ন তিনটি আবাসিক হলে শব্দদূষণ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মেঘলা।
তিনি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংস্কারের আওতায় এনে বিশেষ করে ওয়াশরুম সংস্কার এবং টিএসসিভুক্ত সংগঠনগুলোর বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে সাইবার সিকিউরিটি সেল গঠন, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন অননুমোদিত পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপদ চলাচল নিশ্চিত করা, সীমানা প্রাচীর পর্যাপ্ত উচ্চতায় উন্নীত করা, ডাইনিং ভর্তুকি বৃদ্ধি, বিভিন্ন অনুষদে কমনরুম স্থাপন, ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটি চালু এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার চালুর দাবিও উত্থাপন করেন তিনি।
একাডেমিক বিষয়ে থিসিসের নম্বর পুনর্বিবেচনা এবং উপস্থিতির (অ্যাটেনডেন্স) নম্বর শিথিল করার দাবিও সিনেট অধিবেশনে তুলে ধরেন।








আপনার মতামত লিখুন