খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে গত অর্থবছরে গবেষণায় প্রায় ৩ কোটি, চলতি অর্থবছরে শূন্য বরাদ্দ

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
কুবিতে গত অর্থবছরে গবেষণায় প্রায় ৩ কোটি, চলতি অর্থবছরে শূন্য বরাদ্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে ২ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ রাখা হলেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। এক অর্থবছরের ব্যবধানে গবেষণা খাতের বরাদ্দ শূন্যে নেমে আসায় মাঠপর্যায়ের গবেষণা, গবেষণা প্রকল্প পরিচালনা এবং আন্তর্জাতিক মানের প্রকাশনা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকার বাজেট সিন্ডিকেটের ১১০তম সভায় উপস্থাপন করা হয়। বাজেটে বেতন-ভাতা ও পেনশন বাবদ ৬০ দশমিক ৬৫ শতাংশ, পণ্য ও সেবা বাবদ ৩১ দশমিক ৫৪ শতাংশ, মূলধন অনুদান বাবদ ৭ দশমিক ২৮ শতাংশ এবং অন্যান্য অনুদান বাবদ ০ দশমিক ৫৬ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

তবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গবেষণা প্রকল্পের জন্য মোট বাজেটের ৩ দশমিক ৮৫ শতাংশ, অর্থাৎ ২ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। অনুমোদিত বাজেটে গবেষণা খাতে কোনো স্বতন্ত্র বরাদ্দ রাখা হয়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, মানোন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এন এইচ রনি বলেন, ‘শিক্ষার মান উন্নয়ন এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণায় পর্যাপ্ত বাজেট না থাকলে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার প্রতি অনীহা তৈরি হবে। এর ফলে নতুন জ্ঞান সৃষ্টি ব্যাহত হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‌্যাংকিংয়েও নেতিবাচক প্রভাব পড়বে। তাই গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে নতুন জ্ঞান সৃষ্টির পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক ড. নাহিদা বেগম বলেন, ‘গবেষণা খাতে আর্থিক প্রণোদনা না থাকলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যেই গবেষণার প্রতি আগ্রহ কমে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ নতুন জ্ঞান সৃষ্টি করা। গবেষণা খাতে বরাদ্দ না থাকলে সেই স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন বলেন, “গবেষণা খাতে কোনো বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্রভাবে সরাসরি বরাদ্দ দেওয়া হয়নি। এ খাতের অর্থায়ন সরাসরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিচালনা করবে। ইউজিসির গবেষণা নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা নীতিমালার সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে গবেষণা খাতে প্রয়োজনীয় বাজেট প্রদান করা হবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা