লিথুয়ানিয়ায় পূর্ণ অর্থায়নে পিএইচডি বৃত্তি পেলেন মেরিটাইম ইউনিভার্সিটির সাইফুল ইসলাম

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম লিথুয়ানিয়ার ক্লাইপেদা ইউনিভার্সিটি (Klaipeda University)-তে ফিজিক্যাল জিওগ্রাফি বিষয়ে সম্পূর্ণ অর্থায়নে (ফুলি ফান্ডেড) পিএইচডি বৃত্তি অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এটি শুধু সাইফুল ইসলামের ব্যক্তিগত সাফল্য নয়; বরং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সাইফুল ইসলাম এর আগে লিথুয়ানিয়া থেকে ইকোলজি অ্যান্ড ক্লাইমেট বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। সম্প্রতি সেই ডিগ্রি শেষ করে তিনি পিএইচডি গবেষণার সুযোগ লাভ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে সাইফুল ইসলাম বলেন, “সর্বশক্তিমান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, যিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। পাশাপাশি আমার বাবা-মা, বন্ধু, মেন্টর ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। তাদের উৎসাহ ও সহযোগিতাই আমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে।”
দেশের গবেষণা পরিবেশ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার অনেক বেশি সুযোগ সৃষ্টি করে। তার মতে, দেশের সামুদ্রিক গবেষণা খাত এখনো পর্যাপ্তভাবে বিকশিত হয়নি। এ ক্ষেত্রে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
সাইফুল ইসলামের পাশাপাশি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের দ্বিতীয় ব্যাচের আরও কয়েকজন শিক্ষার্থী বর্তমানে স্পেন, বেলজিয়াম, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রুহুল করিম, জাহিদুল আলম রাহাত, ক্রিস্টিনা আনচল, আব্দুল্লাহ আল মাহমুদ, ইমতিয়াজ আহমেদ সাকিব, তানজুম কবির প্রপা এবং করবী কর্মকার।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এসব শিক্ষার্থীর সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও গবেষণার সুযোগ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম। সাইফুল ইসলামের এই অর্জন ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।








আপনার মতামত লিখুন