শাহরাস্তিতে সরকারি খাল ভরাটের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের মধ্যে মাটি অপসারণের নির্দেশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াহরপাড়া গ্রামে সরকারি খাল ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনিরা খাতুন
নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনে সরকারি খাল ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ও ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আগামী ১৫ দিনের মধ্যে সরকারি খালে ফেলা বালি ও মাটি অপসারণ করে খালটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদসহ পুলিশের একটি দল।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি খাল, জলাশয় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








আপনার মতামত লিখুন