মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক হাফেজ মাহরুফ এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শাহজালাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আক্তার হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ওহিদুর রহমান, শাহজাহান পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় হিফজ বিভাগের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় সংলাপ পরিবেশন, জানাজার নামাজের ব্যবহারিক প্রদর্শনী, ইসলামী সংগীত, আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা সময়ের দাবি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবশেষে অতিথিবৃন্দ অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।







আপনার মতামত লিখুন