চবি ছাত্রী হলের পানির মান পরীক্ষার দাবিতে প্রশাসনকে স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন ছাত্রী হলে ব্যবহৃত পানির গুণগত মান পরীক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের কাছে এ স্মারকলিপি জমা দেন চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক জান্নাতুল ফেরদাউস রিতাসহ হল সংসদের নেত্রীরা।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হলে ব্যবহৃত পানির মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। অনেক শিক্ষার্থীর অভিযোগ, হলের পানি ব্যবহারের ফলে ত্বকের বিভিন্ন সমস্যা, অতিরিক্ত চুল পড়া, অ্যালার্জিসহ নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা দিচ্ছে। যদিও এসব সমস্যার প্রকৃত কারণ নির্ণয়ে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন, তবুও শিক্ষার্থীদের ধারাবাহিক অভিযোগ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা অনুমোদিত পরীক্ষাগারের মাধ্যমে ছাত্রী হলগুলোতে ব্যবহৃত পানির গুণগত মান দ্রুত পরীক্ষা করা প্রয়োজন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পানির মানোন্নয়নে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে আবাসিক শিক্ষার্থীরা একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারবেন।
স্মারকলিপিতে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ছাত্রী হলসমূহের পানির গুণগত মান দ্রুত পরীক্ষা এবং প্রাপ্ত ফলাফলের আলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণে উপ-উপাচার্যের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, খালেদা জিয়া হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত, শামসুন নাহার হল সংসদের স্বাস্থ্য সম্পাদক সুমাইয়া আক্তার বর্ষা ও কার্যনির্বাহী সদস্য মোসা. আফিয়া জাহিন, বিজয়-২৪ হল সংসদের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আফিয়া ইবনাত ওয়াফা, নবাব ফয়জুন্নেছা হল সংসদের কার্যনির্বাহী সদস্য শিপ্রা তঞ্চঙ্গ্যা, প্রীতিলতা হল সংসদের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক কুলসোন আক্তার এবং দপ্তর সম্পাদক হুমায়রা তাবাসসুম।








আপনার মতামত লিখুন