আহমদ ছফার ‘গাভী বিত্তান্ত’ নিয়ে তেপান্তরের পাঠচক্র অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও পাঠাভ্যাস বিকাশের লক্ষ্যে তেপান্তর সাহিত্য সভার নিয়মিত মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ প্রাঙ্গণে (শিক্ষক লাউঞ্জ সংলগ্ন) ‘কলমের আঁচড়ে প্রগতির পাঠ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ পাঠচক্রের আয়োজন করা হয়।
পাঠচক্রের নির্ধারিত বিষয় ছিল ‘আত্মসন্ধানের পথে : আহমদ ছফার গাভী বিত্তান্ত প্রসঙ্গে বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞান ও শিক্ষার সীমাবদ্ধতা’। আগামী ২৮ জুলাই লেখক আহমদ ছফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ বিষয় নির্বাচন করা হয়।
তেপান্তর সাহিত্য সভার সাধারণ সম্পাদক নুসরাত সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক আহমেদ জুবায়ের। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কবি মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের শিক্ষক মীম মিজান, তেপান্তর সাহিত্য সভার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মোমিন এবং শামসুন্নাহার হল সংসদের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মোমতাহিনা জান্নাত স্বর্ণা।
এছাড়া অনুষ্ঠানে তেপান্তর সাহিত্য সভার দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক ইতাঙ্গীর খন্দকার, অর্থ সম্পাদক ওবায়দুল্লাহ মল্লিক, সহ-অর্থ সম্পাদক মাঈন উদ্দিন হাসান রিয়াদ, পত্রিকা ও প্রশিক্ষণ সম্পাদক সাজ্জাদ সাদিক, প্রচার সম্পাদক সাইফ আলী সামি, ক্যারিয়ার ও গবেষণা সম্পাদক শাকিল মিয়া, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
তেপান্তর সাহিত্য সভার সাংগঠনিক সম্পাদক খাদিজা আফরিন মিতুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর নির্ধারিত বিষয়ের ওপর পাঠপ্রতিক্রিয়া উপস্থাপন করেন গবেষক ফয়সাল মুহাম্মদ, দর্শন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ঐশী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রহমত উল্লাহ।
পাঠপ্রতিক্রিয়া শেষে আলোচকরা নির্ধারিত বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বে আইএমএল বিভাগের শিক্ষার্থী ইফাতআরা, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বায়জিদ ইসলাম এবং দর্শন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ঐশী আলোচকদের বিভিন্ন প্রশ্ন করেন।
প্রধান আলোচক আহমেদ জুবায়েরের পরামর্শে সেরা দুইজন পাঠপ্রতিক্রিয়াকারী এবং একজন প্রশ্নকর্তাকে পুরস্কৃত করা হয়। সবশেষে তেপান্তর সাহিত্য সভার দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আয়োজকরা জানান, আহমদ ছফার গাভী বিত্তান্ত বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ রাজনীতি, দুর্নীতি ও বুদ্ধিজীবীদের ভণ্ডামিকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। সমাজ, প্রশাসন ও ক্ষমতার কাঠামোর নৈতিক স্খলন এবং শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা অনুধাবনে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের পাঠচক্র শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চিন্তা ও সমালোচনামূলক বিশ্লেষণের চর্চা জাগ্রত করতে সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা সকল অংশগ্রহণকারী ও উপস্থিত অতিথিদের প্রতি তেপান্তর সাহিত্য সভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।








আপনার মতামত লিখুন