তিন দাবিতে ইবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখার নবগঠিত কমিটির নেতারা।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় তিনটি দাবি উপাচার্যের কাছে তুলে ধরেন তারা।
দাবিগুলো হলো, সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফিক্সড মিলের ক্ষেত্রে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সমহারে মিল চার্জ নির্ধারণ এবং প্রশাসনিক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও অটোমেশন চালু করা।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ইসমাইল রাহাত বলেন, “শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের জায়গা থেকেই আমরা উপাচার্যের সামনে তিনটি দাবি তুলে ধরেছি। সাজিদ হত্যার বিচারের অগ্রগতি নিশ্চিত করা, ফিক্সড মিলের ক্ষেত্রে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের টোকেন ফি-তে থাকা বৈষম্য দূর করে একই ফি নির্ধারণ করা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রশাসনিক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও অটোমেশন চালুর দাবি জানিয়েছি। উপাচার্য আমাদের দাবিগুলো গুরুত্বসহকারে শুনেছেন এবং সেগুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে ফিক্সড মিলের বিষয়ে প্রশাসনের অবস্থান অনড় মনে হয়েছে। এ বিষয়ে আমাদের অবস্থানও আমরা জানিয়ে দিয়েছি।”








আপনার মতামত লিখুন