বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. আখতার হোসেন খান
অধ্যাপক ড. আখতার হোসেন খান
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।
রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী ড. মো. আখতার হোসেন খানকে আগামী চার বছরের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৭(৪) ধারা অনুযায়ী পদমর্যাদা, বেতন-ভাতা এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।
ড. আখতার হোসেন খান বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি তিনি স্টেট ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগ দেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৮২ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএসসি সম্পন্ন করেন। পরে যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। সেখানে অধ্যয়নকালে তিনি একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক গ্র্যাজুয়েট স্কলারশিপ লাভ করেন।
১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে তিনি ২০১৭ সালে গ্রেড-১ অধ্যাপক পদে উন্নীত হন। কর্মজীবনে তিনি অমর একুশে হলের প্রাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ডুটা) টানা দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
এম/আর








আপনার মতামত লিখুন