খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি

তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন করে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। সম্প্রতি প্রায় একই ধরনের তিনটি ঘটনা সামনে আসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

​গত ২৯ জুলাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মিডটার্ম পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী এক শিক্ষার্থী তাঁর মোবাইল ফোন বন্ধ রাখেন। শিক্ষার্থী ফোন ধরতে না পারার এই সুযোগটিকে কাজে লাগায় প্রতারক চক্রটি। তারা ওই শিক্ষার্থীর বাবাকে ফোন করে নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং দাবি করে যে তাঁর ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। ছেলেকে ছাড়িয়ে নেওয়ার আকুতি জানালে চক্রটি ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে ওই অভিভাবকের কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।

​পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

​তবে সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টা পার না হতেই ৩০ জুলাই আবারও একই কৌশলে প্রতারণার চেষ্টা চালায় চক্রটি। এক নারী শিক্ষার্থীর মাকে ফোন করে নিজেদের ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দেওয়া হয়। ফোনে দাবি করা হয়, তাঁর মেয়েকে একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। ঘটনাটি বিশ্বাসযোগ্য করতে এবং অভিভাবককে কাবু করতে ফোনের ওপাশ থেকে এক নারীর কান্নার শব্দ শোনানো হয়। মেয়েকে সামাজিক সম্মানহানির হাত থেকে বাঁচাতে ১ লাখ ২০ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য চাপ দেয় তারা। তবে আগের ঘটনার কারণে সচেতন থাকায় ওই অভিভাবক তাৎক্ষণিকভাবে টাকা না পাঠিয়ে পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করেন।

​এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী জানান, গত ৭ জুলাই তাঁর পরিবারের সঙ্গেও একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছিল। তিনি বলেন, প্রতারক চক্রটি তাঁর বাবার কাছে ফোন করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দাবি করে, তাঁকে গাঁজাসহ আটক করা হয়েছে। বিষয়টি মীমাংসার কথা বলে দ্রুত দুই হাজার টাকা বিকাশে পাঠাতে চাপ দেওয়া হয়। ছেলের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে না পেরে আতঙ্কিত হয়ে তাঁর বাবা প্রতারকদের দেওয়া নম্বরে দুই হাজার টাকা পাঠিয়ে দেন। পরে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ হলে তিনি জানতে পারেন, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত প্রতারণা।

​অল্প দিনের ব্যবধানে একই ধরনের একাধিক অপরাধের ঘটনায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের পরিবার ও পরিচিতদের এমন প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছেন।

​এদিকে প্রতারকেরা কীভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর, পারিবারিক তথ্য কিংবা পরীক্ষার সময়সূচি সম্পর্কে ধারণা পাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাঁদের একটি অংশের আশঙ্কা, কোথাও থেকে এসব তথ্য ফাঁস হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

​এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, “অপরিচিত নম্বর থেকে এ ধরনের ফোন এলে কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। টাকা পাঠানোর আগে অবশ্যই শিক্ষার্থী, তাঁর সহপাঠী, বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করতে হবে।”

​বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং যেকোনো সন্দেহজনক ফোনকল পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা