জাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজয় র্যালি, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, ম্যারাথন এবং ‘জুলাইয়ে জাহাঙ্গীরনগরের অবদান’ শীর্ষক ‘জাগরণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বিজয় র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিতে নির্মিত ‘অদম্য-২৪’-এর পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ‘জাগরণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
র্যালির উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতার র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতার চেতনার মতোই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, আজকের ভয়হীন পরিবেশ শহীদদের আত্মত্যাগের ফল, তাই সেই ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, কোনো আন্দোলনের স্মৃতি টিকিয়ে রাখতে শিল্পী, সাহিত্যিক ও গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংগীত, কবিতা, নাটক ও গবেষণার মাধ্যমে জুলাইয়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি ঘৃণা ও বিভাজনের রাজনীতি পরিহার করে শিষ্টাচার বজায় রেখে জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জাকসুর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৬টায় জাকসুর উদ্যোগে ‘৩৬ জুলাই জাকসু রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এর উদ্বোধন করেন। ম্যারাথনে জাকসুর নেতৃবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।








আপনার মতামত লিখুন