চবিতে বাস চালুর দাবিতে চাকসুর অবস্থান কর্মসূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য বাস চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন চাকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, শিক্ষার্থীদের বাস চাই’, ‘ঢাবি, রাবি বাস পায়, চবি কেন অবহেলায়’, ‘এই মুহূর্তে দরকার, পরিবহন সংস্কার’ এবং ‘চাই নিরাপদ পরিবহন, নইলে চলবে এ আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে চাকসুর নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফোরকানের সঙ্গে সাক্ষাৎ করে বাস চালুর দাবি জানান। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানান।
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান গণপরিবহন শাটল ট্রেন। তবে বিভিন্ন সমস্যার কারণে ট্রেনটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণ করতে পারছে না। এ কারণে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে বাস চালুর দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, ‘অফিসিয়াল আলোচনায় কোনো সমাধান না পাওয়ায় আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর আগামীকাল বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস পেয়েছি। আমরা সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান চাই। তবে সুষ্ঠু সমাধান না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’








আপনার মতামত লিখুন