শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজুকে পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীকে নতুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে অসন্তোষ দেখা দিয়েছে। সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের কাছেও পাঠানো হয়েছে।
অব্যাহতির আগে তাজ উদ্দিন তাজুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
তবে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, স্থানীয় এমপির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত রেজুলেশন ও আবেদনের ভিত্তিতে দলীয় শৃঙ্খলার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
অব্যাহতি পাওয়া নেতা তাজ উদ্দিন তাজু বলেন, ‘কোন কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা আমি জানি না।
অব্যাহতির আগে আমাকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এমনকি অব্যাহতির কোনো আনুষ্ঠানিক চিঠিও আমি পাইনি।’
দলীয় ফোরামে নিয়ম অনুসরণ না করেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করে জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এদিকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার (১৭ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ ও শ্রমিক দল নেতা সোহেল আহমদসহ অনেকে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে পাশে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি মহল পকেট কমিটি গঠনের উদ্দেশ্যে একতরফা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। কোনো ধরনের নিয়মনীতি বা কাউন্সিল ছাড়াই নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করে তাজ উদ্দিন তাজুকে স্বপদে বহালের দাবি জানান তারা।
সমাবেশ থেকে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি দেওয়া, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং ঢাকায় রোডমার্চ ও দলের চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।








আপনার মতামত লিখুন