চট্টগ্রামে নজরুলের আগমনের শতবর্ষ, চবিতে সেমিনার বৃহস্পতিবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ও চট্টগ্রামে তাঁর আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নজরুল সেমিনার’ অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সেমিনার হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন।
তিনি বলেন, নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক অধ্যাপক ইরশাদ আহমেদ শাহিন। আলোচনায় অংশ নেবেন নজরুল গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন, চবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ ও ড. তাসলিমা বেগম।
এ ছাড়া নজরুল সপ্তাহ উপলক্ষে আয়োজিত কবিতা, কুইজ ও সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী তনুশ্রী দাস নজরুলসংগীত পরিবেশন করবেন।
চট্টগ্রামে নজরুলের আগমন
১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। ১৯২৬ সালে তিনি প্রথম চট্টগ্রামে আসেন। এ সময় চট্টগ্রামে তাঁর অবস্থান ও বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক তাঁর সাহিত্যজীবনের উল্লেখযোগ্য অধ্যায় হয়ে আছে।








আপনার মতামত লিখুন