খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে জাকসু জব ফেয়ারে ৭০০-এর বেশি চাকরির সুযোগ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
জাবিতে জাকসু জব ফেয়ারে ৭০০-এর বেশি চাকরির সুযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হলো ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা জব ফেয়ারে ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ৭০০টিরও বেশি চাকরির সুযোগ ছিল। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণরা অংশ নেন।

জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া ও করপোরেট ক্যারিয়ার সম্পর্কেও ধারণা নেন তারা।

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যেই আমরা এই জব ফেয়ারের আয়োজন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ তৈরি করা ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।”

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট শুধু একটি চাকরির মেলা নয়। শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের আয়োজনকে সফল করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

জাকসু সূত্রে জানা যায়, জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক ছিল ক্যারিয়ার হাব, ব্র্যাক পরিচালিত। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে ছিল নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষক হিসেবে ছিল ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এছাড়া সিলভার পৃষ্ঠপোষক হিসেবে ছিল দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড ও রিদম ব্লাড সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

দিনব্যাপী জব ফেয়ারের কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ‘রোড টু করপোরেট—ক্যারিয়ার সেশন’। এতে করপোরেট খাতের বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, জীবনবৃত্তান্ত প্রস্তুত, সাক্ষাৎকারের দক্ষতা ও পেশাগত উন্নয়ন নিয়ে দিকনির্দেশনা দেন।

এ ছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও কফির পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন ছিল।

আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ডেইলি ক্যাম্পাস, স্টার নিউজ, চ্যানেল ওয়ান ও ফেস দ্য পিপল।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা