জাবির কাজী নজরুল ইসলাম হল মসজিদে ১২ টনের ৬টি এসি স্থাপন কার্যক্রম শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের( জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের উদ্যোগে হলের মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) চালুর কাজ শুরু হয়েছে। ১২ টন ক্ষমতাসম্পন্ন মোট ৬টি এসি স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের এবাদত-বন্দেগির পরিবেশ আরও সহজ ও সুন্দর করার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
হল সংসদের দায়িত্বশীলদের একাংশের ভাষ্যমতে, নতুন হল হওয়ায় কোনো নিজস্ব অ্যালামনাই (প্রাক্তন শিক্ষার্থী) ছিল না, যার ফলে এই আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। পরবর্তীতে হলের আবাসিক শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা, শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং হল প্রশাসনের সহায়তায় উদ্যোগটি বাস্তবায়নের মুখ দেখে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, হল প্রশাসনের সীমিত আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও তারা শুরু থেকেই সার্বিক সহযোগিতা প্রদান করেছে। বিশেষ করে হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক উদ্যোগটি বাস্তবায়নে সর্বাত্মক দিকনির্দেশনা ও উৎসাহ জুগিয়েছেন।
সংসদের প্রতিনিধিরা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণ ও আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। এই উদ্যোগটি সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই মহৎ কাজে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।








আপনার মতামত লিখুন