জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম
কাজুউকি কাতাওকা ও রাবিউল আলম। ছবি-সংগৃহীত
জাপান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নিয়ে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পর্ষদ নির্বাচিত হয়েছে। নতুন পর্ষদের সভাপতি হয়েছেন জেট্রো ঢাকা অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুউকি কাতাওকা। মহাসচিব নির্বাচিত হয়েছেন এমকেকে লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক রাবিউল আলম এবং কোষাধ্যক্ষ হয়েছেন এমইউএফজি ব্যাংক ঢাকা অফিসের প্রধান প্রতিনিধি কেনজি কিমুরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেবিসিসিআই এ তথ্য জানিয়েছে।
২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৬ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রক্রিয়া গত ১৩ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেপজার সাবেক সদস্য এ জেড এম আজিজুর রহমান।
নতুন পর্ষদে সভাপতি-সহ ৭ পদধারী
নতুন পর্ষদে সভাপতি কাজুউকি কাতাওকা এর আগে ২০২৪-২০২৬ মেয়াদে জেবিসিসিআইয়ের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইউসেন লজিস্টিকস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জামান মো. তারিকুল ইসলাম। তিনি আগের পর্ষদে পরিচালক ছিলেন।
দ্বিতীয় সহসভাপতি হয়েছেন জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ সামিউল হক। এর আগে তিনি দুই মেয়াদে জেবিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুগ্ম মহাসচিব হয়েছেন জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অলিভার কুটজ।
যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিএসআরএম লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সৌমিত্র কুমার মুছুদ্দী। তিনি বিএএএসের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পর্ষদে জাপানি-বাংলাদেশি ব্যবসায়ী নেতারা
নতুন পর্ষদের নয়জন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউভিশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভূঁইয়া (জুন), আইটিওচু করপোরেশনের ঢাকা লিয়াজোঁ অফিসের জেনারেল ম্যানেজার হিরোয়াকি ওউরা, কনভেয়ার লজিস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ, সোৎজিটজ এশিয়া পিটিই লিমিটেডের জেনারেল ম্যানেজার আতসুশি হিরাকুরি, টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম আহমেদুল ইসলাম বাবু, মিৎসুই অ্যান্ড কোম্পানির ঢাকা শাখার জেনারেল ম্যানেজার ও কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানাহ চৌধুরী, সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া পিটিই লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার হিরোনোরি ইয়ামানাকা এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুদাসসির মুরতজা মইন।
নির্বাচন বোর্ডে অভিজ্ঞরা
তিন সদস্যের নির্বাচন বোর্ডের নেতৃত্ব দেন বাংলাদেশের প্রথম ব্যাংকিং ওম্বুডসম্যান এ কে এম কামরুল ইসলাম এফসিএ। বোর্ডের সদস্য এ জেড এম আজিজুর রহমান বেপজায় ৪২ বছরের অভিজ্ঞতার অধিকারী। বিনিয়োগ সম্প্রসারণ, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), স্থানীয় বিনিয়োগ ও রপ্তানি উন্নয়নে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।
এ ছাড়া তিন সদস্যের নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়। এর নেতৃত্বে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং জেবিসিসিআইয়ের সম্মানসূচক সদস্য ড. মোহাম্মদ আবদুল মজিদ। বোর্ডে আরও ছিলেন জেবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হকস বে অটোমোবাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক।
২০০৪ সালে প্রতিষ্ঠিত জেবিসিসিআই বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক প্রবৃদ্ধি জোরদারে কাজ করে আসছে। সংগঠনটি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং জাপানে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কাজ করছে।
এম/আর







আপনার মতামত লিখুন