খুঁজুন
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির ছাত্রকে মারধর-ছিনতাই ও ছাত্রীকে হেনস্তায় ৫ জনের বিরুদ্ধে মামলা

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
পবিপ্রবির ছাত্রকে মারধর-ছিনতাই ও ছাত্রীকে হেনস্তায় ৫ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থীকে ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় আটকে মারধর, এক ছাত্রীকে হেনস্তা ও তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে দুমকি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলাটি করেন। এতে পাঁচজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পবিপ্রবির দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রী তাঁর এক সহপাঠীকে নিয়ে অটোরিকশায় ঘুরতে বের হন। থানা ব্রিজের সামনে থেকে অটোরিকশাটি শ্রীরামপুর ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির ভেতর দিয়ে গ্রামীণ সড়কে যাওয়ার সময় মাদ্রাসার সামনে কয়েকজন যুবক তাঁদের গতিরোধ করেন।

এজাহারে বলা হয়েছে, যুবকেরা তাঁদের পরিচয় জানতে চান এবং ছেলে-মেয়ে একসঙ্গে কোথায় যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন করেন। শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকায় ঘুরতে বের হয়েছেন বলে জানান।

অটোরিকশাচালকও তাঁদের পক্ষে কথা বলেন। এরপর অভিযুক্তরা ওই ছাত্রকে মারধর করে টেনে-হিঁচড়ে নিয়ে যান এবং তাঁর কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। একই সময় ছাত্রীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৬০০ টাকা নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় অভিযুক্তদের একজন অটোরিকশায় উঠে ওই ছাত্রীর শরীরে অশালীনভাবে স্পর্শ করেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি বাড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগীরা দুমকি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। এজাহারে উল্লেখ করা হয়েছে, পুলিশ সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করে এবং পরে ছবির মাধ্যমে তাঁদের শনাক্ত করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যের অনুমোদনের পর ভুক্তভোগী ছাত্রী লিখিত এজাহার দেন।

মামলায় রিফাত মৃধা, হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার ও রফিক তালুকদারকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ও ৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, “ঘটনার পরপরই ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ জানান। আমরা তালিকা তৈরি করে ছবির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় পাঁচজন এজাহারনামীয় আসামি রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

তিনি বলেন, “যৌন হয়রানির উদ্দেশ্যে গায়ে হাত দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং মারধর ও টাকা নেওয়ার অভিযোগে দণ্ডবিধির ধারায় মামলা করা হয়েছে। আসামিরা ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিষয়টি আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি। এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও আশপাশের এলাকার মানুষের সঙ্গে যেন ভালো সম্পর্ক বজায় থাকে এবং শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।”

বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ

উপজেলা প্রতিনিধি, চাঁদপুর সদর
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ

শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি নাগরিকদের মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরান বাজার বৌ-বাজার সড়কে পৌরসভার ডাস্টবিনসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন সংগঠনের সদস্যরা। বিনিময়ে তাদের মধ্যে খাবার ও গাছ বিতরণ করা হয়। কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, “চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।”

তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এ সময়ে জলাশয় রক্ষা এবং মানুষকে বিভিন্ন রোগবালাই থেকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। প্রতিদিন শহরের বিভিন্ন ড্রেনে বিপুল পরিমাণ বর্জ্য জমছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি করছে। এতে জলাবদ্ধতাসহ নানা পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছে।

ক্লিন চাঁদপুরের এ সংগঠক বলেন, “মানুষ যাতে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে, সে বিষয়ে সচেতনতা তৈরিই আমাদের উদ্যোগের প্রধান উদ্দেশ্য। খাবার কিংবা গাছ দেওয়া হচ্ছে মূলত মানুষকে উৎসাহিত করার জন্য। এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় নাগরিকদের সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।”

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় কর্মসূচিটি পরিচালনা করা হবে।

সংগঠন সূত্রে জানা যায়, ‘ক্লিন চাঁদপুর’ শুধু শহরকেন্দ্রিক নয়, জেলার বিভিন্ন এলাকাতেও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রম দেওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনের সদস্যরা যুক্ত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময়ও সাধারণ মানুষের পাশে দাঁড়ান সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের সদস্যরা মনে করেন, শুধু প্রশাসনিক উদ্যোগে নয়, নাগরিকদের ব্যক্তিগত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব। সে লক্ষ্যেই বর্জ্য সংগ্রহের সঙ্গে উৎসাহমূলক উদ্যোগ যুক্ত করে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছে ‘ক্লিন চাঁদপুর’।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ শাহরাস্তিতে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অভিষেক হলো আইটিইটি’র ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময় ববি ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পবিপ্রবির ছাত্রকে মারধর-ছিনতাই ও ছাত্রীকে হেনস্তায় ৫ জনের বিরুদ্ধে মামলা প্রতিদিন অন্তত ২০ পৃষ্ঠা বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান চিত্ত মিডিয়ার জুয়েলের সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম