রাবির পরিসংখ্যান বিভাগের পুনর্মিলনীতে জাতীয় সম্মেলন, রেজিস্ট্রেশন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য ও কল্যাণ’ বিষয়ক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম ১ অক্টোবর থেকে শুরু হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান পুনর্মিলনীর প্রেস ও প্রচার কমিটির আহ্বায়ক এবং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. পাপিয়া সুলতানা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পরিসংখ্যান বিভাগটি দীর্ঘ ৬৫ বছরের পথচলায় শিক্ষা, গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিভাগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চতুর্থ পুনর্মিলনীর মূল প্রতিপাদ্য—‘আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ’। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও অ্যালামনাসসহ প্রায় দেড় হাজার মানুষ অংশ নেবেন। পুনর্মিলনীর মাধ্যমে বিভাগের ঐতিহ্য ও অর্জনকে স্মরণ করার পাশাপাশি সাবেক ও বর্তমানদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য রয়েছে।
আয়োজকরা জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো গবেষক, নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্যগত বৈষম্য কমাতে গবেষণালব্ধ তথ্যকে কার্যকর নীতি ও বাস্তবভিত্তিক সমাধানে রূপান্তর, টেকসই উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগ ও ঐতিহ্যগত জ্ঞানকে কাজে লাগানো এবং আদিবাসীদের স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অন্তর্ভুক্তিমূলক কৌশল উৎসাহিত করাও সম্মেলনের অন্যতম লক্ষ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একই আয়োজনে ‘বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য ও কল্যাণ: এসডিজি অর্জনের লক্ষ্যে প্রমাণ, নীতি, উদ্ভাবন এবং কর্মপন্থা’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘হিট’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, স্বাস্থ্যসেবা পেশাজীবী, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে মূল বক্তা হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান উপস্থিত থাকবেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। এছাড়া পুনর্মিলনী ও জাতীয় সম্মেলনে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি পরিসংখ্যানবিদ, বেসরকারি খাতের পেশাজীবী, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি, পরিসংখ্যানবিষয়ক সংগঠন এবং নবীন ও অভিজ্ঞ পেশাজীবীরা অংশ নেবেন।
পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের সভাপতি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সহ-আহ্বায়ক অধ্যাপক এম. মনসুর রহমান বলেন, “বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পুনর্মিলনী ও জাতীয় সম্মেলন—দুটি আয়োজন একসঙ্গে করতে যাচ্ছি। এর উদ্দেশ্য হলো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা। পাশাপাশি সময়ের সঙ্গে আমাদের বিভাগের পাঠদান ও একাডেমিক কার্যক্রম কতটা আধুনিক ও যুগোপযোগী হয়েছে, সেটিও তুলে ধরা হবে। প্রাক্তন শিক্ষার্থীরা এসে দেখতে পারবেন, সময়ের সঙ্গে জ্ঞান ও শিক্ষাব্যবস্থায় কী ধরনের পরিবর্তন এসেছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) উপাচার্য অধ্যাপক এম. সাইদুর রহমান, পুনর্মিলনী কমিটির আহ্বায়ক অধ্যাপক এম. আমিনুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুসা) সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী মোল্লাসহ বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টরা।








আপনার মতামত লিখুন