খুঁজুন
শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. সোহেল (২৪) ও আহাম্মদ উল্লাহ আরিফ (২৬) নামে দুইজনকে আটক করা হয়।

আটক মো. সোহেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চৌরাইস এলাকার বাচ্চু মিয়ার ছেলে। অপর ব্যক্তি আহাম্মদ উল্লাহ আরিফ শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের জাফর আহমেদের ছেলে।

আটকের পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। আদালত মাদক সেবনের অপরাধে দুই অভিযুক্তকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন খিলা পুলিশ ফাঁড়ি, শাহরাস্তির সাব-ইন্সপেক্টর মো. রায়হানসহ পুলিশের সদস্যরা।

এ সময় এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

সেপ্টেম্বর মাসে সারাদেশে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং অন্তত ৫২৭ জন আহত হয়েছেন। একই সময়ে মব সহিংসতার ৩৫টি ঘটনায় ৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। এ ছাড়া কারাগারে ২১ জনের মৃত্যু এবং নারী ও কন্যাশিশুসহ সাংবাদিকদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগঠনটির সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে সেপ্টেম্বর ২০২৬-এর মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত ৪ জনের মধ্যে আওয়ামী লীগের ২ জন, বিএনপির ১ জন এবং জামায়াতে ইসলামীর ১ জন রয়েছেন। রাজনৈতিক সহিংসতার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৩৫টি ঘটনায় ৩৪০ জন আহত ও একজন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াতের সংঘর্ষের ৭টি ঘটনায় ৬১ জন, বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ৪২ জন আহত ও একজন নিহত এবং জামায়াত-আওয়ামী লীগের সংঘর্ষে ৩ জন আহত ও একজন নিহত হয়েছেন। এ ছাড়া বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষের ৩টি ঘটনায় ১৬ জন এবং বিএনপি ও অন্যান্য দলের মধ্যে সংঘর্ষের ৭টি ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করেও সহিংসতার ঘটনা ঘটেছে। এ ধরনের দুটি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, দলীয় ও অভ্যন্তরীণ কোন্দল, নির্বাচন এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে অধিকাংশ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।

এ ছাড়া রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর দুর্বৃত্তদের হামলার অন্তত ১২টি ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় নিহতদের মধ্যে বিএনপির ৫ জন, জামায়াতের একজন ও একজন চরমপন্থী রয়েছেন। রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। পাশাপাশি আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ২৩টি ঘটনায় বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে এ মাসে ২৩টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় ৫২৯ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ৬৮৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাজনৈতিক, যৌথ ও বিশেষ অভিযানে ২৮৭টি ঘটনায় অন্তত ২১ হাজার ২০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মব সহিংসতা ও সাংবাদিক নির্যাতন

সেপ্টেম্বর মাসে চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননা, ধর্ষণ ও ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে মব সহিংসতা ও গণপিটুনির ৩৫টি ঘটনায় ৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

এ মাসে সাংবাদিক নির্যাতনের অন্তত ২০টি ঘটনায় ৩৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন আহত, ১২ জন লাঞ্ছিত ও ৩ জন হুমকির শিকার হয়েছেন। একজন সাংবাদিককে আটক করা হয়েছে এবং চারটি মামলায় তিনজন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

সভা-সমাবেশে বাধা দেওয়ার ছয়টি ঘটনায় ৪৭ জন আহত হয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ১২টি ঘটনায় ১৪ জনকে আটক এবং ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় অন্তত ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

কারাগারে মৃত্যু ও সীমান্ত পরিস্থিতি

সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন কারাগারে ২১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন কয়েদি ও ১০ জন হাজতি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত ও নির্যাতনে তিনজনের মৃত্যু হয়েছে।

নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থান থেকে ৬৬টি ঘটনায় ৬৯টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে এইচআরএসএস। এসবের মধ্যে ১১টি বস্তাবন্দি, ২৪টি ঝুলন্ত, ৮টিতে একাধিক আঘাতের চিহ্ন, ৬টি গলাকাটা এবং ৯টি হাত-পা বাঁধা মরদেহ ছিল।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হামলার তিনটি ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

নারী, শিশু ও শ্রমিক নির্যাতন

সেপ্টেম্বর মাসে ২৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৭৯ জন ধর্ষণের শিকার, যার মধ্যে ৪৭ জনের বয়স ১৮ বছরের নিচে। ১৩ জন গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর পাঁচজন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৪৯ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

পারিবারিক সহিংসতায় ৪৩ জন নারী নিহত, ২৭ জন আহত এবং ২৬ জন আত্মহত্যা করেছেন। যৌতুকের ঘটনায় ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন। একজন নারী এসিড নিক্ষেপের শিকার হয়েছেন।

এ মাসে ২৭১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ৭৮ জন প্রাণ হারিয়েছে এবং ১৯৩ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। সাতজন শিশু বলাৎকারের শিকার হয়েছে।

অন্যদিকে, শ্রমিক নির্যাতনের ৮৮টি ঘটনায় ২৯ জন নিহত ও অন্তত ১২১ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ ও সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় আরও ৪৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এইচআরএসএসের উদ্বেগ

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সেপ্টেম্বরে মানবাধিকার পরিস্থিতির কিছু সূচকে উন্নতি হলেও কয়েকটি ক্ষেত্রে অবনতি হয়েছে। রাজনৈতিক ও মব সহিংসতা, নারী-শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি, কারাগারে মৃত্যু, হেফাজতে মৃত্যু, সীমান্ত সহিংসতা, শ্রমিক নির্যাতন এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ধারাবাহিকতা উদ্বেগজনক।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তার, হয়রানি ও আইনি পদক্ষেপের ঘটনাও উদ্বেগ তৈরি করেছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

মানবাধিকার রক্ষায় সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নাগরিক, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭ চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ চবিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষর্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা বাকৃবিতে জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে প্রশিক্ষণ শুরু বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম বর্ষে পদার্পণ চবিতে চাকসু ও নবাব ফয়জুন্নেছা হল সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চবির পাঁচ আবাসিক হলে বসছে অটোমেটেড প্রিন্টিং মেশিন রাত ১২টা থেকে সকাল ৭টা—জুডিশিয়ারিতে ফাহিমের সাফল্যের প্রস্তুতি চাঁদপুরে শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বালিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের গবেষক সোহেল রানার গবেষণা উপস্থাপন ৪৯তম বিসিএসে ৫৭ জন বাদ, ‘মেধার সঠিক মূল্যায়ন চাই’—চাকসু ববি মেডিকেল সেন্টারের প্রধানকে শোকজ ফরিদগঞ্জে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ মাদ্রাসা প্রভাষকের বিরুদ্ধে চবিতে তেপান্তর সাহিত্য সভার লেখালিখি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাবির পরিসংখ্যান বিভাগের পুনর্মিলনীতে জাতীয় সম্মেলন, রেজিস্ট্রেশন শুরু জাবির নতুন প্রক্টর অধ্যাপক আব্দুল হালিম কচুয়ায় ৪৫ পিস ইয়াবাসহ ৩ জন আটক র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি চবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আলোচনা সভা