চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঘোষিত বর্ধিত মাশুল (ট্যারিফ) আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে। এক মাসের স্থগিতাদেশ শেষ হওয়ায় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত ১৫ সেপ্টেম্বর নতুন মাশুল কার্যকরে প্রজ্ঞাপন জারি হয়েছিল। তবে ব্যবসায়ীদের অনুরোধে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এটি এক মাসের জন্য স্থগিত করেন।
নতুন মাশুল কার্যকর হলে বন্দরে গড়ে ৪১ শতাংশ খরচ বাড়বে ব্যবসায়ীদের। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কনটেইনার পরিবহনে।
এতদিন ২০ ফুট লম্বা একটি কনটেইনারে মাশুল ছিল গড়ে ১১,৮৪৯ টাকা, নতুন সিদ্ধান্তে তা দাঁড়াবে ১৬,২৪৩ টাকা।
প্রতি একক কনটেইনার ওঠানো-নামানোর মাশুল ছিল ৪৩.৪০ ডলার (প্রায় ৫,২৯৪ টাকা)। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৬৮ ডলার (প্রায় ৮,২৯৬ টাকা)।
কনটেইনার পণ্যে প্রতি কেজিতে আগে মাশুল দিতে হতো ১ টাকা ২৮ পয়সা, নতুন সিদ্ধান্তে তা হবে ১ টাকা ৪৭ পয়সা।
বন্দর দিয়ে কনটেইনার ছাড়াও সাধারণ পণ্য পরিবহন করা হয়। সব ধরনের সাধারণ পণ্যে কেজিপ্রতি মাশুল বাড়বে গড়ে ১৪ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে বন্দর দিয়ে আসা মোট পণ্যের ৬০ শতাংশই ছিল সাধারণ পণ্য, যেগুলো মূলত খালাস হয় বহির্নোঙরে।
নতুন প্রজ্ঞাপনে মাশুল নির্ধারণের ক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছে ১২২ টাকা।








আপনার মতামত লিখুন