বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম
ছবি-সংগৃহীত
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছরের শেষ দিকে সুদের হার বাড়াতে পারে। এ আশঙ্কায় সপ্তাহজুড়ে দরপতনের মুখে পড়েছে মূল্যবান ধাতুটি।
গত শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ১৬৫ ডলার ১২ সেন্টে নেমে আসে। এতে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৯৮ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে।
টিডি সিকিউরিটিজের বৈশ্বিক কমোডিটি কৌশল বিভাগের প্রধান বার্ট মেলেক বলেন, স্বর্ণের দাম বর্তমানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করছে। তবে দাম নিম্নমুখী সমর্থনসীমার দিকে ঝুঁকছে। এর অন্যতম কারণ, সুদের হার নিয়ে ফেডের পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে অনিশ্চয়তা।
মূল্যস্ফীতি বাড়ায় উদ্বেগ
যুক্তরাষ্ট্রে সম্প্রতি প্রকাশিত মূল্যস্ফীতির তথ্য বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। সেপ্টেম্বরে দেশটিতে উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতি সাড়ে চার বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। একই মাসে ভোক্তা পর্যায়েও মূল্যস্ফীতি বেড়েছে।
এ পরিস্থিতিতে চলতি মাসে সুদের হার অপরিবর্তিত রাখলেও ডিসেম্বরে তা বাড়াতে পারে ফেড। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীদের প্রায় ৯০ শতাংশ।
সাধারণত মূল্যস্ফীতির ঝুঁকি থেকে সুরক্ষা পেতে
বিনিয়োগকারীরা স্বর্ণ কেনেন। তবে সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমতে পারে। কারণ, স্বর্ণে বিনিয়োগ করে নিয়মিত সুদ পাওয়া যায় না। অন্যদিকে সুদের হার বাড়লে বন্ডসহ বিভিন্ন সুদভিত্তিক সম্পদে বিনিয়োগের সুযোগ বাড়ে। এতে স্বর্ণের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা থাকে।
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, বছরের বাকি সময়ে স্বর্ণের দাম আরও কিছুটা কমতে পারে। ফেড সুদের হার বাড়াতে থাকলে এ প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
তবে স্বর্ণের দাম যে আরও কমবেই, তা নিশ্চিত নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত, মার্কিন ডলারের দর এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে স্বর্ণের দামের পরবর্তী গতিপথ।








আপনার মতামত লিখুন