স্বর্ণের দাম আবারও বাড়ল, দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা
দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (১৩ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, নতুন দাম আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।
ক্যারেটভেদে নতুন দাম-
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে।
তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে।
গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে কিছুটা তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।







আপনার মতামত লিখুন