গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা পেলো হামাস
গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীরা বলে জানিয়েছেন হামাসের আলোচক দলের প্রধান খলিল আল-হায়া।
তিনি বলেন, “আমাদের জানানো হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অর্থ হলো গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ।”
শুক্রবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আল-হায়া জানান, দায়িত্ববোধ ও ইতিবাচক মনোভাব নিয়ে হামাস প্রতিনিধিদল প্রথম পর্যায়ের চুক্তি বাস্তবায়নের বিস্তারিত চূড়ান্ত করেছে।
বিবৃতিতে তিনি হামাস যোদ্ধাদের প্রশংসা করে বলেন, “তারা এমন এক যুদ্ধ পরিচালনা করেছে, যা বিশ্ব আগে কখনো দেখেনি।”
আল-হায়া আরও বলেন, চুক্তির আওতায় ইসরাইল বন্দি সকল ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে এবং রাফাহ সীমান্ত উভয় দিকেই খুলে দেওয়া হবে।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ওসামা হামদান আল-জাজিরাকে বলেন,
> “কোনো ফিলিস্তিনি নিরস্ত্রীকরণ মেনে নেবে না।”
অন্যদিকে, আজ শুক্রবার গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। নিরাপত্তা মন্ত্রিসভায় এ চুক্তি নিয়ে ভোট হয় এবং তা পাস হয়।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরাইল রাজি হয়েছে।
চুক্তির খবরে গাজায় স্বস্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা। অন্যদিকে, ইসরাইলে উল্লাস করেছে বন্দি জিম্মিদের পরিবারের সদস্যরা।
—সূত্র- দ্য জেরুজালেম পোস্ট।








আপনার মতামত লিখুন