খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হবেন কিনা, যা বললেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে ভূমিকা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন গণমাধ্যমটির সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল।
“খালেদা জিয়ার ভূমিকা নির্ভর করবে শারীরিক সক্ষমতার ওপর”
প্রশ্ন ছিল—বিএনপি চেয়ারপারসনকে কি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ভূমিকায় দেখা যাবে?
এর জবাবে তারেক রহমান বলেন,
> “আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিবার অবদান রেখেছেন। এবারও আপনারা দেখেছেন কীভাবে স্বৈরাচারের সময় তার ওপর অত্যাচার হয়েছে। কিন্তু উনি আপস করেননি। এখন তিনি অসুস্থ। কেন এবং কীভাবে তিনি অসুস্থ হলেন—সেটিও দেশবাসী জানেন।”
তিনি আরও বলেন-
> “আমরা দেখেছি, একজন সুস্থ মানুষ জেলে গিয়েছিলেন, কিন্তু বেরিয়েছেন অসুস্থ হয়ে। তাঁকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এরপরও বাংলাদেশের গণতন্ত্রে তাঁর অবদান অনস্বীকার্য।”
“নির্বাচনে অংশ নেবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না”
খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হবেন কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন-
> “এটি আমি এখনই বলতে পারছি না। বিষয়টি তাঁর শারীরিক সক্ষমতার ওপর কিছুটা হলেও নির্ভর করছে। তবে আমি বিশ্বাস করি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই নির্বাচনে তিনি নিশ্চয়ই কোনো না কোনো ভূমিকা রাখবেন।”
বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্নে তারেক রহমান বলেন,
> “রাজনীতি পরিবারকরণ নয়, এটি সমর্থন ও সংগঠনের ভিত্তিতে হয়। যে দল ও জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবে, সে-ই সামনে এগিয়ে যাবে। কেউ যদি না পারে, তবে সে পারবে না—সময়ই তা প্রমাণ করবে।”
তিনি আরও বলেন-
> “আমি নিজেও রাজনীতি করতে গিয়ে নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। কাজেই অভিজ্ঞতার দিক থেকে আমি সব স্তর অতিক্রম করেছি।”








আপনার মতামত লিখুন