আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা সিটিজেন ইনিশিয়েটিভের
রাজধানীতে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে নাগরিক সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি শিক্ষকদের ওপর হামরা নিন্দা জানায়।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, মূল বেতনের ২০ শতাংশ, বাড়িভাড়া ভাতা ও অন্যান্য ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর গতকাল (১২ অক্টোবর) পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বহু শিক্ষক আহত হয়েছেন। সংগঠনটির মতে, এ ঘটনা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার চরম লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান শক্তি। তাদের ওপর এমন বর্বর হামলা কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, বরং জাতির বিবেকের ওপরও আঘাত।
সিটিজেন ইনিশিয়েটিভ সরকারের প্রতি আহ্বান জানায়, প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের অবিলম্বে চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে স্বল্প বেতনে চাকরিরত শিক্ষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সংগঠনটি ভবিষ্যতে শিক্ষক, শ্রমিক বা নাগরিক আন্দোলনের বিরুদ্ধে যেকোনো ধরনের বলপ্রয়োগ বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন সিটিজেন ইনিশিয়েটিভের চেয়ারম্যান ও কাতারের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ ও সংগঠনটির সেক্রেটারি ও কলোরাডো স্টেট ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট ও ইন্সট্রাক্টর তাইয়িব আহমেদ।
সংগঠনটি শিক্ষকদের ন্যায্য দাবি ও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের পক্ষে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।








আপনার মতামত লিখুন