ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের আরও কার্যকর উদ্যোগ জরুরি: ক্যাব
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিটি কর্পোরেশনকেও কার্যকরী উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতৃবৃন্দ।
আজ দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়–০৬ এর সামনে মানববন্ধন ও র্যালি শেষে ক্যাবের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের পাশাপাশি সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ জরুরি। বর্তমানে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তা প্রতিরোধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও তারা মন্তব্য করেন।
মানববন্ধনে ক্যাবের কেন্দ্রীয়, জেলা ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শওকত আলী খান, ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুর রহমান, আজীবন সদস্য জনাব আবুল কালাম আজাদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মণ্ডল, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, ও ঢাকা জেলা কমিটির উপদেষ্টা মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব উত্তরা শাখার সভাপতি শাহিনা রহমান পপি।
বক্তারা সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতি ও এর ভয়াবহতা সম্পর্কিত পরিসংখ্যান তুলে ধরে মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মানববন্ধন শেষে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল–০৬)-এর মাধ্যমে কর্পোরেশনের প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।
এমআর








আপনার মতামত লিখুন