এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
সাংবাদিক নোমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন জানিয়ে নিজ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন তিনি।
নিজের ফেজবুক পোস্টে মাওলানা মুখলিছুর রহমান লেখেন, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে হবিগঞ্জ-৪ আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় নিয়মিত গণসংযোগ চালিয়ে গেছেন। সাধারণ ভোটারদের ভালোবাসা ও উৎসাহকে জীবনের বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক বাস্তবতা ও কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে। সংগঠনের সিদ্ধান্ত ও দেশের স্বার্থে তিনি সেটিকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।
জামায়াতের জেলা আমির আরও লিখেছেন,
“ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়, ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তাই আমি এবং আমার সহকর্মীরা পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাব।”
২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ও একজন আইন বিশেষজ্ঞের মধ্যে স্কাইপে হওয়া কথোপকথনের বিবরণ প্রকাশ করে আলোচনায় আসেন সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান। পরে ওই ঘটনা ‘স্কাইপ কেলেঙ্কারি’ নামে পরিচিত হয়। নিপীড়নের আশঙ্কায় তিনি দেশ ছাড়তে বাধ্য হন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে ফিরলেও গত জানুয়ারিতে আবারও বিদেশে চলে যান।
হবিগঞ্জ-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে মুখলিছুর রহমানের নোমানকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে নির্বাচন মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।








আপনার মতামত লিখুন