যেভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সহযাত্রীদের বরাত দিয়ে জানা যায়, বিজয়নগর এলাকায় প্রচারণা চালানোর সময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে ছোড়া গুলিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুলির পর হামলাকারীরা দ্রুত এলাকাটি ত্যাগ করে।
পুলিশের বক্তব্য
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকদের কাছ থেকে অবস্থা জানার চেষ্টা চলছে।”
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,
“আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের টিম ঘটনাস্থলে গেছে, কনফার্মেশনের পর বিস্তারিত জানানো হবে।”
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান,
“বিকেল ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি করে তারা পালিয়ে যায়।”
সহকর্মীদের দাবি
ঢামেকের সামনে ওসমান হাদির সহকর্মীরা জানান, হাদির জন্য বি নেগেটিভ রক্ত জরুরি প্রয়োজন। তারা আরও দাবি করেন, প্রচারণাকালে দুটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাছ থেকে গুলি ছোড়ে হাদিকে আহত করে।
পূর্বের হুমকি
গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টির বেশি নম্বর থেকে হুমকি পেয়েছিলেন বলে অভিযোগ করেন ওসমান হাদি।
১৪ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাকে হত্যা, বাড়িতে আগুন এবং তার মা-বোন-স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
হাদির চিকিৎসা চলছে; হত্যাচেষ্টার এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।








আপনার মতামত লিখুন