নতুন বছরে যবিপ্রবির শিক্ষার্থীদের চাওয়া

সময় কখনো থেমে থাকে না। ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর আবারও আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে নতুন আশা, নতুন প্রত্যাশা আর কিছু অপূর্ণতার হিসাব। পেছনের বছরের অভিজ্ঞতা, পাওয়া–না-পাওয়ার গল্প বুকে নিয়েই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা তাকিয়ে আছে নতুন শুরুর দিকে। নতুন বছরে তারা চায় একটি নিরাপদ, মানবিক ও
শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস—যেখানে স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগও থাকবে।
নতুন বছরে যবিপ্রবির শিক্ষার্থীদের চাওয়া ও ভাবনা তুলে ধরেছেন খবরবেলা-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাব্বির রহমান রাব্বীল।
‘নতুন উদ্যোগই নতুন আশার জন্ম দেয়’
অর্চি
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (২০২১–২২)
নতুন সবকিছুই মানুষের মনে আশা ও আগ্রহের সৃষ্টি করে—নতুন বছরও তার ব্যতিক্রম নয়। নতুন বছরে নতুন উদ্যোগ মানুষের সেই আগ্রহকে আরও বাড়িয়ে তোলে। এই উদ্যোগ হতে পারে ব্যক্তিগত, সমষ্টিগত কিংবা প্রাতিষ্ঠানিক। আমার প্রত্যাশা, নতুন বছরে যবিপ্রবিতে এমন উদ্যোগ বাড়ুক, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সম্ভাবনাকে আরও সামনে নিয়ে আসবে। নতুন বছর সবার জীবনে সুন্দর ও ফলপ্রসূ হোক—এটাই আমার চাওয়া।
‘ভিন্ন দেশ, তবু আপন এক ক্যাম্পাস’
বিকাশ রাউট
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (২০২৩–২৪)
এই নতুন বছরটি আমার জন্য বিশেষ, কারণ বাংলাদেশে থেকে দ্বিতীয় বর্ষের পড়াশোনা শুরু করেছি। নতুন দেশে এসে ভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো সহজ ছিল না, তবে এখানকার মানুষ খুব দ্রুত আপন করে নিয়েছে। গত এক বছরে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং এমন কিছু স্মৃতি তৈরি হয়েছে, যা সবসময় লালন করবো। নতুন বছরে পড়াশোনায় আরও মনোযোগী হতে, নতুন সুযোগ গ্রহণ করতে এবং ভবিষ্যৎ গড়ে তুলবে এমন অভিজ্ঞতা অর্জন করতে চাই। আশা, দৃঢ়তা ও কৃতজ্ঞতা নিয়েই নতুন বছরকে স্বাগত জানাই।
‘নিরাপদ ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস চাই’
সাগর রানা
শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ (২০২৩–২৪)
স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে যবিপ্রবিতে এসেছিলাম। ভেবেছিলাম নিজের জায়গা খুঁজে পাবো, কিন্তু বাস্তবতায় প্রাপ্তির চেয়ে না-পাওয়ার গল্পই বেশি চোখে পড়ে। সময়ের অল্প এই পরিসরে অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নতুন বছরে আমার ব্যক্তিগত চাওয়া খুব বড় নয়—আমি চাই আমাদের ক্যাম্পাস যেন নিরাপদ হয়, ভয় ছাড়া শ্বাস নেওয়ার জায়গা হয়। মুক্তভাবে কথা বলার অধিকার চাই, মত প্রকাশে হিসাব কষতে না হয় এমন পরিবেশ চাই। গল্প নয়, বাস্তবায়নযোগ্য ও দায়িত্বশীল উদ্যোগ দেখতে চাই, যেখানে সাধারণ শিক্ষার্থীরাই হবে ক্যাম্পাসের মূল শক্তি।
‘পরিকল্পনা, শৃঙ্খলা ও মানবিকতার বছর হোক নতুন বছর’
প্রাপ্তি দেবনাথ
ব্যবস্থাপনা বিভাগ (২০২৩–২৪)
নতুন বছর মানেই শুধু ক্যালেন্ডারের একটি সংখ্যা বদলে যাওয়া নয়, বরং নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ। পেছনে ফেলে আসা বছর আমাদের শিখিয়েছে সাফল্যের আনন্দ যেমন আছে, তেমনি ব্যর্থতার শিক্ষাও আছে। একজন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, নতুন বছরে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সময়, লক্ষ্য ও সম্পদের সঠিক ব্যবহার। পরিকল্পনা, শৃঙ্খলা ও দায়বদ্ধতা ছাড়া টেকসই সাফল্য সম্ভব নয়। একই সঙ্গে প্রতিযোগিতার এই সময়ে সহমর্মিতা, সততা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন হারিয়ে না যায়—এই প্রত্যাশাই নতুন বছরের কাছে।








আপনার মতামত লিখুন