কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার সম্মানে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর ড. মো. আবদুল হাকিম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল করিম চৌধুরীসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা।
বিদায়প্রাপ্ত কর্মকর্তারা হলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. দেলোয়ার হোসেন এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া।
বিদায়ী বক্তব্যে কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ২০০৯ সালের ২৫ জুন যোগদানের আগেই তৎকালীন উপাচার্য প্রয়াত মাওলা স্যারের আহ্বানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসি। শুরুতে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে অর্থ ও হিসাব, রেজিস্ট্রার ও প্রশাসনিক দায়িত্ব একযোগে পালন করেছি। নানা চাপ ও সংকটের মধ্যেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। দায়িত্ব পালনে সবসময় ন্যায়নীতি, সততা ও আর্থিক বিধি অনুসরণ করেছি। আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি এবং সকলের কাছে দোয়া কামনা করছি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, এই আয়োজন কেবল বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, এটি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মান ও স্বীকৃতির প্রতিফলন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলোতে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়েছে, যেখানে প্রথম প্রজন্মের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ ক্ষণস্থায়ী হলেও নৈতিকতা ও কর্মদক্ষতাই মানুষের প্রকৃত পরিচয় বহন করে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের অবদানের স্বীকৃতি দেওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কর্মজীবনে কী পেলাম তার চেয়ে কী দিতে পেরেছি সেটাই আসল। বিদায়ী কর্মকর্তারা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। অবসর জীবনকে নতুন অধ্যায় হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও শান্তিময় জীবনের জন্য বিশেষ দোয়া করা হয়।








আপনার মতামত লিখুন