চাঁদপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা
ডিজিটাল ভূমি সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা— সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে সারাদেশে একযোগে অনলাইনের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা কার্যক্রম তুলে ধরা হয়।

এ উপলক্ষে সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সদর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সহজ উপায়ে ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে।
তিনি আরও বলেন, তিন দিনব্যাপী এ আয়োজনে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। মেলায় অনলাইনে অ্যাকাউন্ট খোলা, ই-নামজারি, দাখিলা কাটা এবং ডিজিটাল ভূমি সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে সরাসরি তথ্য দেওয়া হবে।
আলোচনা সভায় বক্তারা ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন, সঠিকভাবে ভূমি বণ্টন নিশ্চিত করা গেলে ফৌজদারি অপরাধ ও পারিবারিক বিরোধ অনেকাংশে কমানো সম্ভব। এ বিষয়ে জনগণকে আরও সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি বলেন, বর্তমানে ভূমি সেবার বেশিরভাগ কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে ওয়ারিশ সম্পত্তি যথাযথভাবে বণ্টন না হওয়ায় অনেক সময় পারিবারিক ও আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে। তিনি খারিজের সময় সঠিক তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
এ সময় বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, সাংবাদিক, টিআইবি ও সনাক প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা হলরুমে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া নাগরিকরা “ভূমি” মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে এবং ১৬১২২ নম্বরে বিনামূল্যে কলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।








আপনার মতামত লিখুন