হাইকোর্টের রায়ে চট্টগ্রাম–১১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মুহাম্মদ নেজাম উদ্দীন
চট্টগ্রাম–১১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দীনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রবিবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের ২০ নম্বর মেইন কোর্টে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, হাইকোর্ট মুহাম্মদ নেজাম উদ্দীনের মনোনয়ন বাতিল সংক্রান্ত পূর্বের আদেশ স্থগিত করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
মুহাম্মদ নেজাম উদ্দীনের পক্ষে রিট পিটিশনের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রহমান এবং গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খালিদ হোসেন।
এর আগে গত ১ জানুয়ারি ২০২৬ চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নেজাম উদ্দীনের প্রার্থিতা বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে কমিশন রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখে। পরে তিনি হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন।
হাইকোর্টের রায়ের ফলে চট্টগ্রাম–১১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মুহাম্মদ নেজাম উদ্দীন নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ফিরে পেলেন। এই আসনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিপক্ষে লড়ছেন।








আপনার মতামত লিখুন