নির্বাচনী ইশতেহার
ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ তিনটি অ্যাপ চালুর ঘোষণা জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে ‘দক্ষতা’, ‘ডিজিটাল পাহারাদার’ এবং ‘আমার টাকা, আমার হিসাব’—এই তিনটি ডিজিটাল অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
‘আমার টাকা, আমার হিসাব’
সরকারের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য নাগরিকদের কাছে উন্মুক্ত করতে ‘আমার টাকা, আমার হিসাব’ নামে একটি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দেওয়া হয়। এই অ্যাপের মাধ্যমে কর, ঋণ, অনুদান, রেমিট্যান্স এবং সেবামূলক খাত থেকে সরকারের মোট আয়ের তথ্য জানা যাবে।
এছাড়া কোন খাতে বা কোন প্রকল্পে কত টাকা ব্যয় হচ্ছে—তা জেলা, উপজেলা ও থানা পর্যায় পর্যন্ত দেখা যাবে।
ব্যয়ের কোনো অসঙ্গতি চোখে পড়লে নাগরিকরা সরাসরি প্রশ্ন বা অভিযোগ জানাতে পারবেন। এর ফলে নাগরিক অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে জানানো হয়।
‘ডিজিটাল পাহারাদার’
চাঁদাবাজি, দুর্নীতি ও অপরাধ দমনে ‘ডিজিটাল পাহারাদার’ নামে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দেয় জামায়াত। এই অ্যাপের মাধ্যমে চাঁদাবাজি, ঘুষ, মাদক ব্যবসা ও সন্ত্রাসসহ যেকোনো অপরাধের ভিডিও, অডিও বা ছবি সংযুক্ত করে অভিযোগ জানানো যাবে।
অভিযোগটি তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে পৌঁছাবে এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অভিযোগের অগ্রগতি অ্যাপে লাইভ ট্র্যাক করা যাবে এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। স্মার্টফোন না থাকলে হটলাইনের মাধ্যমেও অভিযোগ জানানোর সুযোগ থাকবে।
‘দক্ষতা’
বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে চালু করা হবে ‘দক্ষতা’ নামের একটি অ্যাপ। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো— ভাতা নির্ভরতার পরিবর্তে যুবসমাজকে দক্ষতা অর্জনের মাধ্যমে সম্মানজনক আয়ের পথে উৎসাহিত করা।
অ্যাপ বা ওয়েবসাইটে সহজ রেজিস্ট্রেশনের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা নিজের পছন্দ অনুযায়ী কাজ বা প্রশিক্ষণ নির্বাচন করতে পারবেন। প্রশিক্ষণকালীন খরচ, থাকা-খাওয়া ও সম্মানী সরকার বহন করবে। প্রশিক্ষণ শেষে চাকরি, উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু বা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও সহযোগিতা করা হবে বলে জানানো হয়।








আপনার মতামত লিখুন