খুবিতে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়-এর ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মাইগ্রেশন কার্যক্রম, কোর্স রেজিস্ট্রেশন, কারিকুলাম উন্নয়ন, এবং হিট-এ প্রকল্পে প্রস্তাবনা প্রেরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
উপাচার্য বলেন, শিক্ষায় সংখ্যার চেয়ে মানকে অগ্রাধিকার দিতে হবে। প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশন কার্যক্রম দ্রুত শেষ করে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনাও দেন।
তিনি জানান, একবার কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে অন্য কোনো ডিসিপ্লিনে সুযোগ পেলেও নতুন করে কোর্স রেজিস্ট্রেশনের ফি দিতে হবে না।
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কারিকুলাম পুনর্মূল্যায়নের (রি-ভিজিট) ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম উন্নয়ন জরুরি হয়ে উঠেছে। পাশাপাশি সব ডিসিপ্লিনকে হিট-এ প্রকল্পে প্রস্তাবনা প্রস্তুতের আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ইতোমধ্যে শুরু হয়েছে। নির্ধারিত সময়সীমা দিয়ে মাইগ্রেশন কার্যক্রম বন্ধ করা উচিত; নইলে পরীক্ষার সময় ঘনিয়ে এলে অনেক শিক্ষার্থী পর্যাপ্ত ক্লাস করতে পারবে না।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আজমল হুদা এবং সকল ডিসিপ্লিনের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন