জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার সোসাইটির ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার সোসাইটি (জুয়াস)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩০নং গ্যালারি কক্ষে ক্লাবের পক্ষ থেকে এটি আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক তাসনিম হাসান বলেন, “শুধু ক্লাবে যোগ দিলেই কাজ শেষ হয় না। ক্লাবকে সামনে এগিয়ে নিতে কাজ করতে হয়। এতে যেমন অনেক দক্ষতা অর্জন করা যায়, তেমনি যোগাযোগও তৈরি হয়। জুয়াসের সিগনেচার ইভেন্ট ‘অ্যাডভেঞ্চার ফেস্ট ৩.০’ সামনে। ক্লাবের সবাই একসাথে ইভেন্ট আয়োজন করব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতি রফিকুল ইসলাম মুন বলেন, “প্রতি বছরই জুয়াস জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এতে ভিন্নমাত্রা যোগ করেছে রমজান। ইফতার মাহফিলের মাধ্যমে এবছর নতুনদের বরণ করে নেওয়া হয়। আমরা আশা করি নতুনরা ক্লাবে সক্রিয় ভূমিকা পালন করবে। তাদের হাত ধরেই জুয়াস এগিয়ে যাবে।”
ইফতারের আগে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে নবীন-প্রবীণ সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে ইফতার সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন