স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনাঃ নারী দিবস নিয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা

৮ মার্চ বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীর মর্যাদা, অধিকার ও সমাজে তাদের অবদানকে সম্মান জানাতে দিবসটি পালন করা হয়। ১৯১১ সালে প্রথমবারের মতো কয়েকটি দেশে নারী দিবস পালিত হয়। পরে ১৯৭৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের ভাবনা, স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন রাবিপ্রবি প্রতিনিধি মিজানুর রহমান।
নিরাপত্তা ও মর্যাদার দাবি
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী চৈতি রুদ্র বলেন, নারী সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলেও এখনো অবহেলা ও সহিংসতার শিকার হচ্ছে। তার মতে, নারী দিবস শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নারীদের নিরাপদ চলাচল, সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাইশা আক্তার মীম বলেন, বর্তমান সমাজে নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা। পরিবার থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, রাজনীতি ও অর্থনীতিসহ সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমতা ও সম্মানের প্রত্যাশা
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী যারিন ইবনাত বলেন, নারী দিবস কেবল উদযাপনের দিন নয়; এটি নারীর প্রতি সম্মান, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের দিন। তার মতে, একটি উন্নত সমাজ গড়ে তুলতে নারী ও পুরুষের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য।
নারীর শক্তি ও সাহসের প্রতীক
ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের উম্মে নাদিয়া তাবাসসুম বলেন, নারী দিবস তার কাছে শুধু একটি দিবস নয়, বরং নারীর শক্তি, সাহস ও সম্ভাবনার এক নীরব স্মরণ। তার ভাষায়, নারী যখন মাথা তুলে দাঁড়ায়, তখন শুধু একজন মানুষ নয়—একটি সমাজ ও ভবিষ্যৎও শক্তভাবে দাঁড়িয়ে যায়।
অন্যদিকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী স্বপ্না চাকমা বলেন, প্রতিটি নারীর স্বপ্ন স্বাধীন আকাশে উড়ুক। তার মতে, পাহাড়ি নারীরাও সাহস, পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সমাজে আলোকবর্তিকা হয়ে উঠছেন।
নারী শিক্ষার্থীরা মনে করেন, নারী দিবস শুধু উদযাপনের উপলক্ষ নয়; বরং নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রতিজ্ঞার দিন।








আপনার মতামত লিখুন