চবির প্রক্টরিয়াল বডিতে যুক্ত হলেন ২ শিক্ষক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরিয়াল বডির সহকারী প্রক্টর পদে দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুল হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, যোগদানের তারিখ থেকে তারা এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
এছাড়া, দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে ড. মো: কামরুল হোসেন বলেন, “শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারা আসলে সৌভাগ্যের বিষয়। আমি সবসময় আমার শিক্ষার্থীদের পাশে থাকবো।”
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রক্টরিয়াল বডিতে দুটি শূন্য পদ থাকায় দুইজন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রক্টরিয়াল বডির সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।”








আপনার মতামত লিখুন