নজরুল বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতির হার ৭৯.১৫%

ছবি: জাককানইবি কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ কারীদের একাংশ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিট এবং আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) ভর্তি পরীক্ষা ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ড্রইং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন এবং রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপাচার্য গণমাধ্যমকর্মীদের জানান, ৭টি কন্ট্রোল রুমের মাধ্যমে ১৫৪টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। উপাচার্য আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী।
এবারের পরীক্ষায় ‘এ’ ইউনিটে ১০,৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮,১৯৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৭৯.১৫ শতাংশ। অন্যদিকে, আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষায় ১৫২ জনের মধ্যে ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভালুকা থেকে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছিল।
ভর্তি পরীক্ষার ফলাফল জিএসটি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধা ও পছন্দক্রম অনুযায়ী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মোট ১,১৭৫টি আসনে ভর্তির সুযোগ পাবেন।








আপনার মতামত লিখুন