নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ উইক ২০২৬’ শুরু ২৮ জুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘রিসার্চ উইক ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি, উচ্চমানের গবেষণায় উদ্বুদ্ধ করা এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারে সচেতনতা সৃষ্টি।
বুধবার (২৪ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রিসার্চ ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আধুনিক বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা নির্ধারিত হয় তার গবেষণার মান, উদ্ভাবনী সক্ষমতা এবং জ্ঞান সৃষ্টির ধারাবাহিকতার মাধ্যমে। তিনি আশা প্রকাশ করেন, ‘রিসার্চ উইক ২০২৬’ বিশ্ববিদ্যালয়টিকে আরও গবেষণাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টার সূত্রে জানা গেছে, গবেষণা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সহযোগিতায় এসপিএসএস, স্টাটা, এনভিভো এবং পাইথনভিত্তিক মেশিন লার্নিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া উচ্চশিক্ষা ও বিদেশি স্কলারশিপ, গবেষণা ও একাডেমিক লেখালেখি, আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশের কৌশল এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণামুখী আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে থাকছে ‘রিসার্চ আইডিয়া প্রতিযোগিতা’ এবং বিশেষ অনলাইন সেশন।
বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি প্রায় ১৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৯৫৩টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে। এসব গবেষণার ফলাফল ইতোমধ্যে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।
আয়োজকরা জানান, সেমিনারগুলোতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন কার্যক্রম ২৪ জুন রাত ৯টা থেকে শুরু হয়েছে। অফলাইন সেমিনারে আসন সংখ্যা ৮০টিতে সীমিত থাকায় ‘আগে নিবন্ধন, আগে সুযোগ’ ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে শিক্ষকদের জন্য কোনো পূর্ব নিবন্ধনের প্রয়োজন হবে না।








আপনার মতামত লিখুন