চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

‘আমাদের সমাজ ব্যবস্থায় মাদক ও কিশোর গ্যাং দেখতে চাই না’— এমন প্রত্যয় ব্যক্ত করে চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল কাপ-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল।
বুধবার (১০ জুন) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফাইনালে চাঁদপুর ডায়নামাইটস ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর প্রেসক্লাব ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেলা কোয়াবের সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসাইন বলেন, “একটি নিরাপদ ও সুন্দর চাঁদপুর গড়ার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আমরা এমন একটি চাঁদপুর চাই, যেখানে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই মিলে একটি উন্নত ও সুন্দর চাঁদপুর গড়ে তুলতে পারি।”
চমৎকার আয়োজনের জন্য তিনি আয়োজক কমিটি, অংশগ্রহণকারী দল, খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানান।
এ সময় চাঁদপুর সদর মডেল থানার এসআই শামসুদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা আনোয়ার হোসেন, বিএনপি নেতা মনির হাওলাদার, ইউসুফ আলীসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ইয়াসিন। তিনি ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন সিজান এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান চাঁদপুর ডায়নামাইটস ক্লাবের বাহার। বিজয়ীদের নগদ অর্থ, ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়।
খেলা পরিচালনা করেন রেফারি নজরুল ইসলাম পিন্টু। তাকে সহযোগিতা করেন সরকারি রেফারি তরুণ দত্ত ও সুমন।
উল্লেখ্য, গত ২২ মে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল কাপ-২০২৬ এর উদ্বোধন হয়। টুর্নামেন্টে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর ডায়নামাইটস ক্লাব, স্টেডিয়াম একাদশ, ব্রাদার্স স্কোয়াড, চাঁদপুর সরকারি কলেজ ফুটবল দলসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করে।








আপনার মতামত লিখুন