চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।
চীনের দালিয়ান শহরে আয়োজিত এ নৈশভোজে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার মাধ্যমে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। একই টেবিলে বসে ভোজে অংশ নেওয়ার ফলে পারস্পরিক সম্পর্ক ও উন্মুক্ত আলাপচারিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
মাহদী আমিন বলেন, আগামীকাল সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।








আপনার মতামত লিখুন