তিস্তা ব্যবস্থাপনায় চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী, সহযোগিতার আশ্বাস চীনের
চীনের পানি সম্পদমন্ত্রী লি গুওইংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা মোকাবিলা, নদীভাঙন রোধ ও পানি সম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সম্প্রসারণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।
জবাবে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুওইং পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ-চীন পানিসম্পদ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ খাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।
তিনি আরও বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। পাশাপাশি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
বৈঠকে দুই দেশ পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী উন্নয়ন এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করে।








আপনার মতামত লিখুন