শাহরাস্তিতে আওয়ামীলীগের সংঘবদ্ধ হামলায় জুলাই যোদ্ধাসহ ৩ জন আহত
টাকা ছিনতাই ও মোবাইল ভাঙচুর, থানায় অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেকে জুলাই যোদ্ধা ও এমআইএস কার্ডধারী পরিচয় দিয়ে মো. রাকিব হোসেন শাহরাস্তি মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে রাকিব হোসেন জানান, প্রায় এক মাস আগে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলাকে কেন্দ্র করে অভিযুক্ত কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করলেও এরপর থেকে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ও তার সহযোগীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে তিনি দাবি করেন।
অভিযোগে বলা হয়, গত ৭ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মনিপুর এলাকায় অভিযুক্তদের বাড়ির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি দল তাদের পথরোধ করে। পরে অতর্কিত হামলা চালিয়ে রাকিব হোসেন, রাসেল ও ফাহিমকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, হামলার সময় রাসেলের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এগিয়ে আসা আল হাসান সোহরাবকেও মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়া এবং প্রায় ১৬ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পুনরায় সুযোগ পেলে হত্যা ও গুরুতর জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে দাবি করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাকিব হোসেন।
অভিযোগকারী জুলাই যোদ্ধা রাকিব হোসেন জানান, আমাকে হত্যা করার উদ্দেশ্যে যারা হামলা করেছে তারা সবাই আওয়ামীলীগ সমর্থিত। আমি আমার জিবনের নিরাপত্তা নিয়ে আতংকে আছি। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








আপনার মতামত লিখুন