পরিবেশ বিষয়ে অবদানে জাতীয় পরিবেশ পদক পেল চবির বনবিদ্যা ইনস্টিটিউট
পরিবেশ বিষয়ে শিক্ষা ও প্রচারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনস্টিটিউটটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের হাতে এ পদক তুলে দেন। অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও উপস্থিত ছিলেন।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত চবির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর আগে জাতীয় পর্যায়ে তিনবার বৃক্ষরোপণ পদক অর্জন করেছে। এবার সেই অর্জনের সঙ্গে যুক্ত হলো রাষ্ট্রীয় স্বীকৃতি ‘জাতীয় পরিবেশ পদক’।
পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ দেওয়া হয়েছে।
ব্যক্তি পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে মো. মনির হোসেন এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম পদক পেয়েছেন।
প্রতিষ্ঠান পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে।








আপনার মতামত লিখুন