চাকসুর নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে ‘সুরে বিদ্রোহে নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) চাকসু ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুলসংগীত ও কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি—দুই বিভাগে মোট ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। বিশেষ অতিথি ছিলেন জিএস সাঈদ বিন হাবিব, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর এবং যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদী হাসান সোহান এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা।
অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সুন্দর একটি সাংস্কৃতিক আয়োজন করায় সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘নজরুল আমাদের জাতিসত্তার সঙ্গে মিশে আছেন। জুলাই বিপ্লবে নজরুলের গান ও কবিতা আমাদের আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছে।’
প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়—নজরুলসংগীত ও নজরুলের কবিতা আবৃত্তি। প্রতিটি বিভাগে পাঁচজন করে মোট ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও চাকসুর ম্যাগাজিন পুরস্কার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের শেষপর্বে চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর বিজয়ীদের অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে নিজেদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নিয়মিত সাধনা, চর্চা ও সঠিক দিকনির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।








আপনার মতামত লিখুন