শাহরাস্তিতে পৃথক অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকবিরোধী অভিযানে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। পৃথক তিনটি অভিযানে মোট ২৫০ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম, এসআই (নিঃ) খায়রুল আলম, এএসআই (নিঃ) শহীদুল্লাহ এবং এএসআই (নিঃ) মো. আজাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক সময়ে এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে গত ৮ জুলাই গভীর রাতে চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর এলাকার সাতবাড়ীয়া নুরানী মাদ্রাসার সামনে থেকে ৫১ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৩৭) ও মো. ইয়াছিন (৪১)-কে গ্রেপ্তার করা হয়।
একই রাতে চিতোষী পূর্ব ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. রফিক (৩৯)-এর কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ৯ জুলাই চিতোষী আরএম স্কুলের সামনের সড়কে অভিযান চালিয়ে হাবিবুর রহমান (১৯)-এর কাছ থেকে আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।








আপনার মতামত লিখুন