নজরুল আজও সাহস, স্বাধীনতা ও আত্মমর্যাদার চিরন্তন প্রেরণা : চবি উপ-উপাচার্য অধ্যাপক সফিকুল ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) ও ‘নজরুল বর্ষ’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেছেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতির প্রেরণা, সাহস এবং চেতনার এক অনন্য উৎস। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে বাংলাদেশের মানুষের জীবনবোধ, সংগ্রাম, সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতিফলন ঘটেছে।”
বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, “কাজী নজরুল ইসলাম তাঁর অগ্নিঝরা কবিতা, গান ও সাহিত্যকর্মের মাধ্যমে মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, আত্মমর্যাদাবোধ এবং গণজাগরণের চেতনা সৃষ্টি করেছেন। তিনি জনগণকে অন্যায় ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “তাই আজও তাঁর সেই অমর উচ্চারণ—‘বল বীর, বল উন্নত মম শির’—আমাদের স্বাধীনতা, সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আছে।”
সমাপনী বক্তব্যে তিনি আয়োজক, অতিথি, বক্তা ও উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরব্যাপী কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন।
প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ ও অধ্যাপক ড. তাসলিমা বেগম। এছাড়া বক্তব্য রাখেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙ্গীত বিভাগের সভাপতি মিশকাতুল মমতাজ।








আপনার মতামত লিখুন