শেখ হাসিনার সাক্ষাৎকারের ভিডিওতে মন্তব্য, আলোচনায় জাবির অধ্যাপক নুহু আলম

ভার্চ্যুয়ালি প্রচারিত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকারের ভিডিওতে ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুহু আলম।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারের ভিডিওর মন্তব্যের ঘরে অধ্যাপক ড. নুহু আলম লিখেছেন— “অন্ধকারের সময় শেষ। জেগে ওঠো বাংলাদেশ।”

সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজরে আসে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের এমন মন্তব্যের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
এ বিষয়ে অধ্যাপক ড. নুহু আলম বলেন, “আমার কাছে মনে হয়, আমরা অনেক সময় আমাদের মনের কথা বলতে পারি না। যেন এক ধরনের বন্দিদশার মধ্যেই বসবাস করছি। কারণ একজন মানুষের যদি বাকস্বাধীনতা না থাকে, তাহলে সে প্রকৃত অর্থে কতটা স্বাধীন—সেটা প্রশ্নের বিষয়। আমার বিশ্বাস, প্রত্যেক মানুষেরই বাকস্বাধীনতা থাকা উচিত।”
তিনি আরও বলেন, “আমার এই মতামতের সঙ্গে আমার শিক্ষকতা পেশার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত অবস্থান এবং ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে বলা কথা। আমার পেশাগত দায়িত্বের সঙ্গে এটিকে মিলিয়ে দেখা ঠিক হবে না।”
অধ্যাপক নুহু আলম বলেন, “আমি এমন কোনো কথা বলিনি, যা খারাপ অর্থ বহন করে বা কারও বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়। একজন নাগরিক হিসেবে নিজের মতামত প্রকাশ করার অধিকার আমাদের রয়েছে।”
তিনি আরও বলেন, “আমার বক্তব্যকে কেউ ইতিবাচক বা নেতিবাচকভাবে ব্যাখ্যা করতে পারেন—সেটি তার নিজস্ব দৃষ্টিভঙ্গির বিষয়। তবে আমি বিশ্বাস করি, এটি কেবল আমার বাকস্বাধীনতা ও চিন্তার স্বাধীনতার বহিঃপ্রকাশ।”







আপনার মতামত লিখুন